নির্বাচনের পর ফলাফল, তারপর জল্পনা জয়ী প্রার্থীদের মধ্যে কে পাবে চেয়ারম্যান পদ।এই বিষয় নিয়ে আগামী ৫ই জুন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার বোর্ড গঠনের নোটিফিকেশন জারি করল পুর নির্বাচনী আধিকারিক তথা রায়গঞ্জ পুরসভা মহকুমা শাসক। রায়গঞ্জ পুরভোট দুই সপ্তাহ আগে হয়ে গেছে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও আজ বোর্ড গঠন না হওয়ায় সাধারন মানুষের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। কে হতে চলেছে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মনে উৎকন্ঠার পারদ বেড়েই চলেছে। বুধবার রায়গঞ্জ মহকুমাশাসক জানিয়েছেন আগামী ৫ই জুন রায়গঞ্জ পুরসভার বোর্ড গঠন করা হবে।
১৪ ই মে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ২৭ টি আসনের ভোটগ্রহন হয়। ১৭ই মে ভোট গননার ফল প্রকাশ হয়। রায়গঞ্জ পুরসভার মোট ২৭ টি আসনের মধ্যে ২৪ টিতে জয়লাভ করে তৃনমূল কংগ্রেস। ২টি আসন পায় কংগ্রেস ও সিপিএম জোট এবং ১ টি আসন পায় বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠনের দাবিদার তৃনমূল কংগ্রেস। কিন্তু চেয়ারম্যান পদের দাবিদার হিসাবে উঠে আসে তিন-চার জন জয়ী কাউন্সিলারের নাম। দলের জেলা সভাপতি অমল আচার্যর নেতৃত্বে জয়ী কাউন্সিলার গন দ্বারস্থ হন তৃনমূল রাজ্য নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু আজও চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন? তা নিয়ে ধোয়াশা রয়েই গেছে। চেয়ারম্যান পদ নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলার অরিন্দম সরকার, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপন বিশ্বাস, এবং ১৮ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলার দীন দয়াল কল্যানীর নাম উঠে এসেছে। তবে কে বসবে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যানের আসনে তা জানতে রায়গঞ্জ পুর নাগরিকদের ৫ই জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। রায়গঞ্জ মহকুমাশাসক তথা পুর নির্বাচনী আধিকারিক টি এন শেরপা জানিয়েছেন আগামী ৫ ই জুন পুরভোটে জয়ী কাউন্সিলারদের শপথ গ্রহন করানো হবে। তারপর প্রথম সভায় চেয়ারম্যান মনোনীত করা হবে।